দেখতে দেখতে দুটো বছর পেরিয়ে গেল | অনেকবার ভেবেছি লিখব | মন সায় দেয় না | আসলে এত বড় ক্ষত; লিখতে বসলেই জ্বালা করে | হাহুতাশ আমি হুতাশীর | কিসের ক্ষত , সে তুমি ছাড়া আর কারো বোঝার ক্ষমতা নেই | সেই তুমিই যখন নেই, তখন আর কার দোরে দাঁড়াব? যে সব ছেঁড়া টুকরো স্মৃতি ছড়িয়ে আছে এদিকে ওদিকে, সে গুলো নিজের কাছেই থাক | ও গুলো একে একে জুড়ে collage বানিয়ে রেখেছি | আমার কাছেই থেকে যাক | তুমি একটু দাঁড়ালে না আমার জন্যে | বুক ভরা অভিমান রয়ে গেল | তোমার পা ছুঁয়ে বলেছিলাম - আমি, আমার সব তোমারই জন্য | তিল তিল করে গড়ে তোলা সংসার, তার নিত্য নৈমিত্যিক সংগ্রাম যা তুমি আর আমিই জানতাম | সেগুলো আমার সাথেই নাহয় বিস্মৃতির অতলে তলিয়ে যাবে |
জানি, এখনো অনেক দায়িয়েত্বের ভার কাঁধের ওপর | এখনই যাওয়ার উপায় নেই | কিন্তু কি জানো? রোজই তোমার ছবিটার দিকে তাকিয়ে একটা কথাই ভাবি | কবে তোমার কোলে মাথা রেখে বলব - মা এবার আমার ছুটি |